
ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায়। শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সহকর্মীদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন।
রিকশাটি চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করে খুলির একটি অংশ খোলা রেখে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তার পরিবারের সদস্যরা সেদিন বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
