
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ মো. ওসমান হাদির সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। আজ শনিবার বিকেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হাদির অবস্থা জানানো হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। আজ শনিবার বিকেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হাদির অবস্থা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গতকাল ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর অস্ত্রোপচার–পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরীফ মো. ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে দেখা গেছে– রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে।
কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে।
পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
