সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে ঢাবির টিএসসিতে জুতা নিক্ষেপ ও কুকুরকে কেক খাওয়ানোর মাধ্যমে প্রতীকী প্রতিবাদ করেছে ‘দ্য রেড জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়’।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “শুভ, শুভ, শুভ দিন—খুনি হাসিনার জন্মদিন”, “ইতিহাসের ঘৃণ্য দিন” এবং “বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই”সহ নানা স্লোগান দেন।
আয়োজকদের দাবি, অতীতে শিক্ষার্থীদের বিভিন্ন রাজনৈতিক দিবস, বিশেষ করে শেখ হাসিনার জন্মদিন ও বঙ্গবন্ধু পরিবারের দিবসগুলো পালনে চাপ দেওয়া হতো। এই ইতিহাসের প্রতিবাদে তাঁরা দিনটিকে ‘ঘৃণার দিন’ হিসেবে প্রতীকীভাবে পালন করছেন।
সংগঠনের সদস্য সচিব মো. সজিব হোসেন গণমাধ্যমকে বলেন, খুনি হাসিনার জন্য যে কেক কাটা হয়েছে সেই কেক কুকুরও খেতে চাচ্ছে না। কুকুরও বুঝে যে হাসিনা কতটা স্বৈরাচার ছিল। বিগত শাসন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যারা রাজনীতি করতো না তাদেরও বাধ্য করে এই দিনটি পালন করাতো। তার প্রতিবাদেই এই আয়োজন। এর মাধ্যমে আমরা বুঝাতে চাই ভবিষ্যতেও যেন কোনো শাসন স্বৈরাচারী হাসিনার মতো বাধ্য করে কোন দিবস পালন না করায়।
তিনি আরো বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জন্মদিন উদযাপন করবে কিন্তু আমরা রাজপথে থাকলে এই ধরনের জন্মদিন অনুষ্ঠান করতে পারবে না। একই সঙ্গে আমরা এসব ‘দালালদের’ দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
