আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তার দৃঢ় বিশ্বাস, অন্তর্বর্তী সরকারের আমলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার বিচার শেষ হবে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, দেশের বিভিন্ন জেলায় জুলাই হত্যাকাণ্ডসংক্রান্ত যেসব মামলা দায়ের হয়েছে, সেগুলোর তদন্তে অগ্রগতি হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জে দায়ের করা মামলাগুলোর মধ্যে অনেক মামলার চার্জশিট আগামী ৫ আগস্টের আগেই জমা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
তিনি আরও জানান, চার্জশিট দাখিলের পর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনা করা যায় কি না, তা বিবেচনায় নেওয়া হবে।
আইন উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন এলাকায় হত্যা, খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখনও চলছে। তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের সময় আমরা যেমন ঐক্যবদ্ধভাবে এক পরিবার হিসেবে আন্দোলন করেছি, তেমনিভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন পাশে থাকবে।”
স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। এসময় কয়েকজন শহীদ পরিবারের সদস্য অভিযোগ করেন, মামলা করার পর তারা হয়রানির শিকার হচ্ছেন এবং নিজ এলাকায় ফেরত যেতে পারছেন না। এসব অভিযোগের প্রেক্ষিতে আইন উপদেষ্টা জেলা প্রশাসককে নির্দেশ দেন, যেন দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
