ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফাহিমার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি মেয়েটির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং আশ্বস্ত করেন যে চিকিৎসা ব্যয়ে আর কোনো বাধা আসবে না।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তারেক রহমান ওই শিশুর চিকিৎসায় সহায়তার নির্দেশ দেন বলে জানা গেছে।
চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিউর রশীদ, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন, ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী এবং মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা ডা. আহমদুল্লাহ্ চৌধুরী প্লেজার।
চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরি ইউনিয়নের কৃষক পরিবারের ছয় সন্তানের মধ্যে একটি ফাহিমা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় ধরা পড়ে, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মেয়ের চিকিৎসায় পরিবারের প্রায় সব সম্পদ বিক্রি হয়ে যাওয়ায় চিকিৎসা থমকে যায়। এমন সময় এক ইউটিউবার ফাহিমার অবস্থা তুলে ধরেন একটি প্রতিবেদনে, যা তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে ফাহিমার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে বলেন।
