ছবি: সংগৃহীত
টোকিওতে বিজনেস সেমিনারে প্রধান উপদেষ্টা বললেন, ‘আমরা ইতিহাসকে দেখাতে চাই যে এটি সম্ভব হয়েছে’
নতুন বাংলাদেশ গড়তে জাপানের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার টোকিওতে জেট্রো সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনারে’ তিনি বলেন, “বাংলাদেশ ১৬ বছরের ভূমিকম্প পার করেছে। এখন আমরা টুকরো টুকরো করে সবকিছু গুছিয়ে তুলছি।”

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার যৌথ আয়োজনে আয়োজিত সেমিনারে ইউনূস বলেন, “আমাদের কাজ হলো অসম্ভবকে সম্ভব করা। জাপান আমাদের বন্ধু হিসেবে পাশে থাকবে বলেই আশা করি।”
অধ্যাপক ইউনূস মাতারবাড়ি প্রকল্পে জাপানের সহায়তার প্রশংসা করে বলেন, “এটি শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, মানুষের জীবন বদলে দেওয়ার উদ্যোগ। বাংলাদেশ হবে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য সমুদ্রপথে বিশ্বে পৌঁছানোর দরজা।”
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার তাকেউচি শিনজি বলেন, “বাংলাদেশ একটি কৌশলগত বিন্দু যা এশিয়াকে সংযুক্ত করে। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় জাপান সরকার।”
তিনি জানান, বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে।
বর্তমানে বাংলাদেশ-জাপান বাণিজ্য প্রধানত টেক্সটাইলখাত নির্ভর হলেও অধ্যাপক ইউনূস তা আরও বৈচিত্র্যময় করার আহ্বান জানান। তিনি বলেন, “জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ কাজে লাগিয়ে টেকসই উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।”
সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম ও টোকিওস্থ রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।
