সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসন করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বেসরকারি এতিমখানা ও আশ্রমগুলোর মাঝে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ নয়, বাস্তবভিত্তিক নীতি অনুসরণ করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হবে না।
তিনি আরও জানান, সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জাতীয় সনদকে বিএনপি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করে এবং তা বাস্তবায়নে কাজ করছে।
অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে সুবিধাভোগী নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক অনিয়ম ছিল, যা সংশোধনে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে।
এতিমখানা পরিচালনাকারীদের উদ্দেশে তিনি শিশুদের নিজের সন্তানের মতো যত্ন নেওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে এতিম শিশুদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মো. আখতারুজ্জামান মিয়া, সাদিক রিয়াজ পিনাক, জেদান আল মুসাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের ৩ হাজার ২৪ জন শিশুর মধ্যে মোট ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ করা হয়।
