
জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিয়ে দায়িত্ব শেষ নয়—ভোটকেন্দ্রে থেকে ফলাফলের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটাধিকার রক্ষায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার মানসিকতা থাকতে হবে।
সোমবার নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, অতীতে জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, যারা এসব করেছে তারা এখন আর দেশে নেই। তবে নতুন করে একটি চক্র নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন শুধু ভোট প্রদান করলেই দায়িত্ব শেষ হবে না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট দেওয়ার পর কেন্দ্র ত্যাগ না করে সেখানে অবস্থান করতে হবে, যাতে প্রদত্ত ভোটের সঠিক হিসাব নিশ্চিত করা যায়।
তারেক রহমান আরও বলেন, দেশটি কোনো একক গোষ্ঠীর নয়—এটি সবার। সকল ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়তে হবে। কারণ এই দেশই আমাদের একমাত্র ও চূড়ান্ত ঠিকানা।
