
অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) সভাপতি ও ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সরাসরি আহ্বান জানান।
সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রীর ‘এক বোন’ অবস্থান করছেন—তাঁকে বাংলাদেশে পাঠানো হোক। তিনি উল্লেখ করেন, মহারাষ্ট্রের বিজেপি সরকার দাবি করছে তারা রাজ্য থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। তাহলে দিল্লিতে থাকা ওই ব্যক্তিকেও বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ওয়াইসি বলেন, “মহারাষ্ট্র সরকার যখন বলছে তারা বাংলাদেশিদের বের করে দিয়েছে, তখন মোদিজির বোন হিসেবে দিল্লিতে যিনি বসে আছেন, তাকেও বাংলাদেশে পাঠানো হোক।” তাঁর এই বক্তব্যে সমাবেশে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।
সমাবেশে ওয়াইসি উপস্থিত জনতার কাছে জানতে চান, তারা যদি চান হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, তবে স্লোগান দিতে। এ সময় জনতা ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানায়। পরে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে বলেন, “মোদি জি, এই আওয়াজ শুনুন। তাঁকে নিয়ে যান, দেশ ছাড়তে বলুন এবং বাংলাদেশে পৌঁছে দিন।”
এর আগেও ওয়াইসি বাংলাদেশের ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহারে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে।
এ অভিযোগের জবাবে ওয়াইসি বলেন, বিহারে বা সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনো বাংলাদেশি নেই। তিনি আরও বলেন, “মোদিজি বলছেন বিহারে বাংলাদেশি রয়েছে। কিন্তু বাস্তবে তা নয়। তবে দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন রয়েছেন। তাঁকে সীমান্তে আনুন, আমরাই তাঁকে বাংলাদেশে পৌঁছে দেব।”
