জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি কিংবা অবহেলা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শুক্রবার (২৮ আগস্ট) শাহবাগের শরিফ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে চরমোনাই পীর বলেন, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, চরিত্র ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামী ছাত্র আন্দোলনকে আদর্শভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে উল্লেখ করে রেজাউল করীম বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে। অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে অরাজকতা, সন্ত্রাস, দখলদারিত্ব ও নানা অপকর্মের পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন নীতি, নৈতিকতা ও আদর্শ ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে।
তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে হবে। এমন নেতৃত্বই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
চরমোনাই পীর আরও বলেন, ইসলামের নীতি-আদর্শে নিজেদের গুণান্বিত করতে পারলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে। ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদের আদর্শিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিন আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব ও ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করিম মারুফ, ঢাকা মহানগর উত্তর সভাপতি ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূরুল করিম আকরাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি এ বি এম জাকারিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
