মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিয়ে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে চলমান সংঘাত অঞ্চল ছাড়িয়ে অন্যত্রও বিস্তৃত হতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ সতর্কবার্তা দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি শুধু সামরিক প্রতিক্রিয়ার কথাই বলেনি, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি সরবরাহ নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, পরিস্থিতি চরমে পৌঁছালে প্রতিপক্ষকে তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎস থেকে বঞ্চিত করা হতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি খুলে না দিলে দ্রুতই ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে।
এই হুমকির জবাবে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে ইরানও পাল্টা আঘাত হানবে এবং প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়, যুক্তরাষ্ট্র যদি সীমা অতিক্রম করে, তবে ইরানের প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।
সূত্র: আল–জাজিরা
