ইরানজুড়ে রেলপথ ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ও আধাসরকারি সংবাদমাধ্যম। এসব হামলায় হতাহতের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ঘটনার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের নাগরিকদের নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন ব্যবহার না করার এবং রেললাইন থেকে দূরে থাকার সতর্কতা দিয়েছিল। এর পরপরই বিভিন্ন স্থানে হামলার খবর সামনে আসে।
রাষ্ট্রীয় সূত্রগুলো দাবি করেছে, সাম্প্রতিক এসব হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত। আধাসরকারি মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, কাশান শহরের একটি রেলসেতুতে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।
এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরের একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার দৃশ্যও প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, পশ্চিমাঞ্চলের কোম প্রদেশে একাধিক সড়ক সেতু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে পূর্ব আজারবাইজান প্রদেশে তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুজেস্তান প্রদেশের আহওয়াজ শহরেও একটি সড়কে হামলার খবর পাওয়া গেছে। চলমান পরিস্থিতিতে তাবরিজ ও জানজান শহরের মধ্যবর্তী মহাসড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্যারেহ চামান-মিয়ানে সড়কটিও উভয় দিক থেকে যান চলাচলের জন্য বন্ধ রয়েছে।
ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, এসব হামলা শুধু যোগাযোগ অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়; আবাসিক ও বাণিজ্যিক এলাকাও এর আওতায় এসেছে, যা বেসামরিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: সিএনএন
