বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে।
রোববার (৫ এপ্রিল) বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৩টি রাজনৈতিক দলের অংশগ্রহণে দীর্ঘ আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়। পরবর্তীতে এই সনদ বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি তা থেকে বিরত থাকে। বরং দলটি বর্তমানে সংবিধান সংস্কার আদেশ বাতিলের প্রস্তাব উত্থাপন করে গণভোটের ফলাফলকে অস্বীকার করছে।
তিনি বলেন, প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির অবস্থান প্রত্যাখ্যান করেছে। বিএনপি সেই ফল মেনে নিতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। এতে করে তারা প্রয়োজনীয় সংস্কার বাধাগ্রস্ত করে ফ্যাসিবাদী শাসনের দিকেই ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, সরকারি দলের সমর্থকদের পক্ষ থেকে জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় জামায়াত প্রার্থীর ১৪ দফা নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনাও উপস্থাপন করা হয়।
