শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি—এমন মন্তব্য করে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর ভাটারায় একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত সম্মেলনে প্রধান তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জুলাই সনদে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে। যা জুলাই বিপ্লব ও জুলাই চেতনার সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। মূলত, সরকার এখন জনগণের সাথে রীতিমত প্রতারণার আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের মনে রাখা উচিত ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়েছে।’
তিনি অভিযোগ করেন, গণভোট নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই প্রক্রিয়ায় সম্পন্ন হলেও শুধুমাত্র গণভোটকে প্রশ্নবিদ্ধ করা সরকারের আদর্শিক দুর্বলতার বহিঃপ্রকাশ।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো স্বৈরশাসনের স্থায়িত্ব পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। তিনি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নির্বাচন প্রসঙ্গে এটিএম আজহার বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ কারণে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটেনি। তবে জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে।
