দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৭৯২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামের কারণে ৯ শিশুর মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে ৩১৮ জন শিশুর দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টার চিত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত রোগীর সংখ্যায় ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৮ জন, আর ময়মনসিংহ বিভাগে এ সময়ে কোনো নতুন রোগী পাওয়া যায়নি।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, রাজশাহীতে ৮ জন, খুলনা ও সিলেটে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন এবং বরিশাল ও রংপুরে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের জীবাণু শরীরে প্রবেশের ১০ থেকে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। শুরুতে সর্দি, কাশি, জ্বর, চোখ লাল হওয়া ও পানি পড়া, এবং গালের ভেতরে সাদা দাগ দেখা যায়। পরে মুখ ও গলা থেকে শুরু হয়ে সারা শরীরে লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়ে, যা সাধারণত কয়েক দিনের মধ্যে মিলিয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ শিশু এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলেও বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
