ভারতের হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে বিপুল পরিমাণ রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৪১৪টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এগুলো মজুত করে অবৈধভাবে বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে, যার ফলে গ্যাস সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা সিলিন্ডারগুলো কবরস্থানে লুকিয়ে রেখে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা এক ব্রিফিংয়ে বলেন, গ্যাস মজুত ও কালোবাজারি রোধে দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। তিনি জানান, শুধু একদিনেই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, হায়দরাবাদের ওই কবরস্থান থেকে উল্লেখযোগ্য পরিমাণ সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, জব্দ করা সিলিন্ডার ও অভিযানে ব্যবহৃত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ রুপি।
