চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে দেশের আবহাওয়ায় নানা বৈচিত্র্য দেখা যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশে তীব্র কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এপ্রিলজুড়ে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তাপমাত্রাও বাড়তে পারে উল্লেখযোগ্যভাবে। মাসটিতে ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ (৩৬-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
তবে বৃষ্টিপাত স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের প্রধান নদ-নদীগুলোতেও স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।
এছাড়া, এপ্রিল মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা থাকার সম্ভাবনা রয়েছে।
