নওগাঁর পত্নীতলা উপজেলায় তেল সংগ্রহের জন্য অভিনব কৌশল অবলম্বন করতে গিয়ে এক যুবক জনতার হাতে ধরা পড়েছেন।
বুধবার (১ এপ্রিল) রাতে নজিপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেল সংকটের কারণে ওই সময় ফিলিং স্টেশনে ছিল দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়। এ পরিস্থিতিতে এক যুবক বোরকা পরে নিজেকে নারী হিসেবে পরিচয় দিয়ে দ্রুত তেল নেওয়ার চেষ্টা করেন। তবে তার আচরণে সন্দেহ হলে উপস্থিত লোকজন বিষয়টি খতিয়ে দেখেন এবং একপর্যায়ে তার পরিচয় ফাঁস হয়ে যায়।
ফিলিং স্টেশনটির মালিকের ছেলে অভি জানান, অতিরিক্ত ভিড়ের কারণে কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই ওই ব্যক্তি ছদ্মবেশে লাইনে দাঁড়ান। পরে বিষয়টি জানাজানি হলে জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয়দের মতে, দীর্ঘ লাইনে অপেক্ষা এড়াতেই ওই যুবক এমন কৌশল নিয়েছিলেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
