রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, ফুটপাত বা রাস্তায় আর কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা যাবে না। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মিরপুরের মুকুল ফৌজ মাঠে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা বলেন। মিরপুর-১০ থেকে মিরপুর-১ সড়ক দখলমুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি জানান, ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থানে ব্যবসার সুযোগ তৈরি করা হবে। তবে ভবিষ্যতে কেউ ফুটপাত বা সড়কে ব্যবসা করতে পারবেন না—এ বিষয়টি মাথায় রেখে তাদের প্রস্তুতি নিতে হবে।
প্রশাসক আরও বলেন, অতীতে প্রভাবশালীদের প্রভাবে ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ দেওয়া হলেও এখন সেই চর্চা বন্ধ করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সমস্যাগুলো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাধানের চেষ্টা করা হবে।
তিনি উল্লেখ করেন, চাইলে প্রশাসন শক্তি প্রয়োগ করে উচ্ছেদ অভিযান চালাতে পারত, তবে তা না করে আলোচনার পথ বেছে নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে, নগরবাসী যেন বৈধভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারেন।
সভায় অংশ নেওয়া হকাররা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করেই তাদের জীবিকা চলছে। হঠাৎ উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে তারা সংকটে পড়বেন। তারা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত সময় এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
ডিএনসিসি প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর সমাধান বের করা হবে।
এছাড়া ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগ হিসেবে ব্যবসায়ীদের টোকেন দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। প্রশাসক বলেন, টোকেনধারীদের কাছে কেউ চাঁদা দাবি করলে তা না দিয়ে সরাসরি সিটি কর্পোরেশনকে জানাতে হবে।
