মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সরকার যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের একজন শীর্ষ নেতা যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। যদিও ওই নেতার নাম প্রকাশ করেননি ট্রাম্প, তবে তাকে পূর্ববর্তী নেতৃত্বের তুলনায় “কম উগ্রপন্থী ও বেশি বুদ্ধিমান” বলে উল্লেখ করেন।
তবে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি নিরাপদ ও বাধাহীন না হওয়া পর্যন্ত কোনো সমঝোতার পথে হাঁটবে না ওয়াশিংটন। তার ভাষায়, এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত হলেই কেবল বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
এদিকে, ট্রাম্প আরও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, শর্ত পূরণ না হলে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত থাকবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
উল্লেখ্য, বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
