নীলফামারীর একটি জামে মসজিদে চুরি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার বিশমুড়ী পাইলা ভাংগারডাঙ্গা এলাকায়। এ ঘটনায় মোঃ আজিজুর রহমান বাবু বাদী হয়ে সদর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে একটি এজাহার জমা দিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ২০১৩ সালে ওয়াকফ দলিলের মাধ্যমে প্রায় ৪ শতক জমি মসজিদ নির্মাণের জন্য দান করা হয়। পরবর্তীতে মসজিদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় কয়েকজনের ওপর অর্পণ করা হয়। গত প্রায় ১১ বছরে মসজিদের জন্য প্রায় ১৩ লাখ টাকা সংগ্রহ করা হয়।
অভিযোগ অনুযায়ী, সংগৃহীত অর্থের একটি অংশ দিয়ে একটি আধাপাকা টিনশেড নামাজঘর এবং শিশুদের আরবি শিক্ষার জন্য পৃথক একটি টিনের ঘর নির্মাণ করা হয়। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি দুপুর থেকে ৬ ফেব্রুয়ারি ভোররাতের মধ্যে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে রাতের অন্ধকারে চুরি করে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও মসজিদের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। পরবর্তীতে গত ২২ মার্চ সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ এসে পাকা মসজিদের দেয়াল ভাঙচুর করে এবং ইট খুলে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
