
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আব্দুল গফুর ঝাড়ু হাতে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। রবিবার (০১ মার্চ) সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতেই তিনি হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও এতে যুক্ত হন। এক পর্যায়ে পুরো চত্বরজুড়ে পরিচ্ছন্নতার কাজ চলে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুনসহ দলীয় নেতাকর্মী এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে মো. আব্দুল গফুর জানান, মিরপুর ও ভেড়ামারা উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম চালানো হবে। এটি একদিনের উদ্যোগ নয়; বরং নির্দিষ্ট সময় পরপর এমন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আয়োজকরা জানান, হাসপাতাল চত্বরকে পরিষ্কার রাখতে নিয়মিত স্বেচ্ছাসেবী কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
