
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি নিজেই উপস্থিত হন। রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ শুরু হলে কর্মসূচিস্থলের সামনেই তাকে দেখা যায়। এ সময় তাকে বক্তব্য রাখতেও দেখা গেছে।
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে নাসীরুদ্দীনের বক্তব্যকে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য হিসেবে আখ্যা দিয়ে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বলেন, তার কথাবার্তা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ও নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছেন।
