১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
রোববার (১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. তাহের এ কথা বলেন।
তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশের মানুষ সুশাসন ভোগ করতে পারবে। ন্যায় এবং ইনসাফের সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। আমাদের জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, গুণগত পার্থক্যের নির্বাচন। বাংলাদেশ স্বাধীনের ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে; কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যারা সরকারে এসেছে তারা সবাই দুর্নীতি করেছে। পাঁচ বছর পরপর সরকারের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে।
আমাদের ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, সারা দেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দিবে। ১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চির দিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।
দেশইনসাইডারে/এমজে
