রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ প্রায় ১৮ বছর পর সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সাক্ষাৎটি মূলত সৌজন্যমূলক হলেও কিছু রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে বাবর বলেন, এ বিষয়টি নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে। দ্রুত তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন এবং সবার দোয়া চান।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাবর বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিএনপি সরকারের সঙ্গে সহযোগিতা করবে বলেও তিনি জানান।
এছাড়া সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগ বিষয়ে আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে এনেছেন বলেও জানান বাবর।
ভারতে আওয়ামী লীগের নেতাদের বৈঠক প্রসঙ্গে বাবর বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার’ ভারতে বসে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে এবং নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
