
ছবি: যুগান্তর
ডাকসু নির্বাচনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সংগঠনটি ২০টিতেই জয় পেয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়লাভ করেছিল সংগঠনটি।
ফলাফল ঘোষণার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। একই রাতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করেন। এ সময় তারা ডাকসু নির্বাচনে এক সাংবাদিকের মৃত্যু এবং জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবির জানিয়েছে, যে ক্যাম্পাসে আগে নিজেদের পরিচয় দেওয়া ঝুঁকিপূর্ণ ছিল, সেই ক্যাম্পাসে আজকের এই সাফল্য মহান রবের অনুগ্রহ। তারা আরও জানায়, এ উপলক্ষে কোনো আনন্দ মিছিল নয়, বরং সিজদায় শুকরিয়া আদায় করা হবে।
অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আল্লাহু আকবার’ ধ্বনি শোনা নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির। তিনি লেখেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আল্লাহু আকবর’ ধ্বনি! আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল, চোখে পানি চলে এলো। এই ক্যাম্পাসে কতবার ওয়াশরুমে দাঁড়িয়ে নামাজ পড়েছি। সেই ক্যাম্পাসে তোমরা আল্লাহু আকবর ধ্বনি দিতে পেরেছো। জাজাকাল্লাহ খইরান।”
