ছবি: সংগৃহীত
হাজারো পর্যটক আটকে, সেনা মোতায়েন করে উদ্ধার অভিযান
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত চার দিনে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। হুমকির মুখে পড়েছে সিকিম, মেঘালয় ও আসামের জনজীবন। আজ সোমবার দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে।
সিকিমে হিমালয়ের পাদদেশে আটকে পড়েছেন হাজারো পর্যটক। সরকারি সূত্রে জানা গেছে, আজ সোমবার তাদের অনেককে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।
এদিকে মেঘালয় রাজ্যের বিভিন্ন এলাকায় ৫০০ জনের বেশি মানুষ বন্যায় আটকে পড়েছেন। তাদের উদ্ধারে সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
আসামের শিলচর শহরে বন্যার পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও সড়কে। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে গেছে এবং পানি থই থই করছে নগরজুড়ে।
শিলচরের বাসিন্দা সোনু দেবী বলেন, “আমরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। আমার সন্তানের বিছানা পর্যন্ত পানিতে ডুবে আছে। সারারাত জেগে কাটাচ্ছি—এই অবস্থায় আমরা কী করব?”
প্রত্যেক বর্ষা মৌসুমেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অকস্মিক বন্যা ও ভূমিধস একটি সাধারণ দুর্যোগে পরিণত হয়েছে। এতে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
কর্তৃপক্ষ আরও দুর্যোগের আশঙ্কা করছে এবং ঝুঁকিতে থাকা এলাকাগুলোর নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
