ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন—শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এক ফেসবুক পোস্টে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি বলেন, “টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার ফলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে আজ কোনো কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেননি। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।”
নাছির আরও লিখেছেন, “ছাত্রদলের সভাপতির অসুস্থতার সময়ে তার পদ হারানোর বিষয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।”
এর আগে শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টে ছাত্রদল সভাপতির পদ হারানোর দাবি করা হয়। মুজাহিদ বিল্লাহ নামে একজন লিখেছেন, ‘সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান।’ আরেকজন রফিকুল ইসলাম লেখেন, ‘জুলাই যোদ্ধা বিসিবি ফারুক সাহেবের পর এবার যাত্রাবাড়ীর সেক্টর কমান্ডার রাকিব সাহেবকেও পদ হারাইতে হইল!’
তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে কোনো ধরনের পরিবর্তন হয়নি।
