পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগত কোনো সমঝোতা কিংবা সুবিধা গ্রহণে রাজি নন বলে স্পষ্ট জানিয়েছেন। তবে তিনি জাতীয় স্বার্থে সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন।

জিও নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৯ মে) সিনেটর আলী জাফর সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসব তথ্য জানান।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলা রয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এসব মামলার মুখোমুখি হন তিনি।
আলী জাফর জানান, ইমরান খান কারো কাছ থেকে ছাড় চায়নি এবং যদি তিনি তা চাইতেন, অনেক আগেই সুবিধা নিতে পারতেন। ইমরানের বক্তব্য অনুযায়ী, তিনি সংলাপে বসতে রাজি আছেন, তবে সেটা হতে হবে শুধুমাত্র জাতীয় স্বার্থে। তিনি জোর দিয়ে বলেন, সংলাপের পথ এখনো খোলা রয়েছে সামরিক বাহিনী বা এস্টাবলিশমেন্টের জন্য।
ইমরানের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন তার বোন আলিমা খান দেশের ‘অদৃশ্য শক্তি’দের প্রতি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আহ্বানটি বিবেচনায় নেওয়া যেতে পারে, যদিও তিনি এটিকে দুর্বল প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
এদিকে ইমরান খান তার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে বলেন, তিনি শুধু ন্যায়বিচার চান। তিনি জানান, পিটিআই একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এর পূর্ণ কৌশল প্রকাশ করা হবে। দলীয় নেতাকর্মীদের তিনি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
